নির্বাচনের উত্তাপ ও বসন্তের আমেজে এবারের ভালোবাসা দিবসকে আরও রঙিন করে তুলতে নতুন সংগীত আয়োজন নিয়ে আসছে জনপ্রিয় ইউটিউব চ্যানেল HSP Music & Video Station। ভালোবাসা দিবস উপলক্ষে চ্যানেলটি থেকে মুক্তি পেতে যাচ্ছে বহুল আলোচিত গান ‘আমার গরুর গাড়ি ২’।
মুক্তির আগেই গানটি সামাজিক যোগাযোগমাধ্যমে সাড়া ফেলেছে। টিকটক, ফেসবুক ও ইনস্টাগ্রামের রিলসে গানটির অংশ ব্যবহার করে তৈরি হচ্ছে অসংখ্য ভিডিও। এতে দর্শক-শ্রোতাদের মধ্যে গানটি ঘিরে কৌতূহল ও প্রত্যাশা বেড়েছে।
গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় শিল্পী হ্যাপি শারমিন ও ওসমান সজীব। সংগীতায়োজন করেছেন অনিম খান। কথা ও সুরে গানটিকে আরও আবেদনময় করে তুলেছেন পরাগ হাশমী ও এস. এ. মেরিন। এক সময়ের জনপ্রিয় একটি গানের অনুপ্রেরণায় নির্মিত এই নতুন গানটিতে আধুনিক ভাবনা, রোমান্টিক আবহ ও বিনোদনের উপাদান একসঙ্গে যুক্ত হয়েছে।
গানটির ভিডিওতেও থাকছে ভিন্ন মাত্রার চমক। এতে মডেল হিসেবে অভিনয় করেছেন সিয়াম মৃধা এবং আলোচিত ব্র্যান্ড প্রমোটর ও টিকটকার আঞ্জুমান মেহজাবিন। ভিডিওটির চিত্রগ্রহণ করেছেন আরিয়ান এবং পরিচালনায় ছিলেন জয় আহমেদ। নির্মাতাদের মতে, রঙিন দৃশ্যায়ন, প্রাণবন্ত নৃত্য ও গল্পনির্ভর উপস্থাপনা ভিডিওটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে।
নির্মাতা ও সংশ্লিষ্ট শিল্পীদের আশা, ভালোবাসা দিবসে প্রকাশিত এই গানটি সব বয়সী দর্শক-শ্রোতাদের কাছে ভিন্ন অনুভূতি সৃষ্টি করবে। ভালোবাসা, হাসি ও বিনোদনের মিশেলে ‘আমার গরুর গাড়ি ২’ হয়ে উঠতে পারে এবারের ভালোবাসা দিবসের বিশেষ আকর্ষণ।

