ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আর্থিক লেনদেনে সম্ভাব্য অনিয়ম ও অর্থের অপব্যবহার ঠেকাতে সাময়িক নিয়ন্ত্রণ আরোপ করেছে বাংলাদেশ ব্যাংক। এর আওতায় নির্দিষ্ট সময়ের জন্য ব্যক্তি পর্যায়ের কিছু ডিজিটাল লেনদেন বন্ধ রাখা হবে।
কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, ৮ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে শুরু হয়ে ১২ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত মোট চার দিন ব্যাংকের অ্যাপ ও ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে ব্যক্তি থেকে ব্যক্তিতে অর্থ স্থানান্তরের সুবিধা বন্ধ থাকবে। এ বিষয়ে রোববার বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট-১ সংশ্লিষ্ট ব্যাংক ও সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর কাছে নির্দেশনা পাঠিয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, নির্বাচনকালীন সময়ে এমএফএস ও এনপিএসবির আওতায় আইবিএফটি ব্যবস্থার মাধ্যমে ব্যক্তি পর্যায়ে অর্থ লেনদেনের অপব্যবহার ঠেকাতে ৯৬ ঘণ্টা বিশেষ নিয়ন্ত্রণ কার্যকর থাকবে। এ সময় মোবাইল ব্যাংকিংয়ের ব্যক্তিগত হিসাবের লেনদেনেও নির্দিষ্ট সীমা আরোপ করা হয়েছে।
এ ছাড়া গ্রাহক অভিযোগ দ্রুত নিষ্পত্তির জন্য প্রতিটি মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠানকে নিজস্ব কুইক রেসপন্স সেল গঠন করতে বলা হয়েছে। একই সঙ্গে সার্বক্ষণিকভাবে সব ধরনের লেনদেন নিবিড় পর্যবেক্ষণে রাখতে এবং সন্দেহজনক বা অস্বাভাবিক লেনদেন শনাক্ত হলে দ্রুত সংশ্লিষ্ট থানায় জানাতে নির্দেশ দেওয়া হয়েছে।
এই সময়ের মধ্যে আইবিএফটি-নির্ভর পি-টু-পি ইন্টারনেট ব্যাংকিং লেনদেন সম্পূর্ণ বন্ধ থাকবে। প্রয়োজনে নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় তথ্য ও সহযোগিতা দিতে ব্যাংক ও এমএফএস প্রতিষ্ঠানগুলোকে প্রস্তুত থাকার কথাও জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

