রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজিত জাতীয় সমাবেশে বক্তব্য দিতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন দলটির আমির ডা. শফিকুর রহমান। পরে বিকাল সাড়ে ৫টার দিকে তিনি মঞ্চে বসে সংক্ষিপ্ত বক্তব্য দেন।
শনিবার বেলা ২টায় পবিত্র কোরআন তিলাওয়াত ও নাতে রাসুল পরিবেশনার মাধ্যমে সমাবেশের মূল পর্ব শুরু হয়। নাতে রাসুল পরিবেশন করেন সাইমুম শিল্পীগোষ্ঠীর শিল্পীরা। এরপর সমাবেশে উপস্থিত ১৯৭৭ সালের জুলাই অভ্যুত্থানে শহীদ সেনা সদস্যদের পরিবারের সদস্যদের পরিচয় করিয়ে দেওয়া হয়।
এর আগে সকাল ১০টায় কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে প্রথম পর্বের সূচনা হয়। এতে হামদ-নাত ও ইসলামি সংগীত পরিবেশন করা হয়।
জাতীয় সমাবেশে অংশ নিতে ঢাকা ও আশপাশের এলাকা থেকে বিপুলসংখ্যক জামায়াত নেতাকর্মী সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হন।
