বিভিন্ন কারণে স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষার সংশোধিত সময়সূচি প্রকাশ করেছে আন্তঃশিক্ষা বোর্ড। বুধবার (২৩ জুলাই) আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক এবং ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস. এম. কামাল উদ্দিন হায়দারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন তারিখ ঘোষণা করা হয়।
কোন পরীক্ষাগুলো কবে হবে:
২২ জুলাইয়ের পরীক্ষা নেওয়া হবে ১৭ আগস্ট
২৪ জুলাইয়ের পরীক্ষা নেওয়া হবে ১৯ আগস্ট
১০ জুলাই কুমিল্লা বোর্ডের স্থগিত পরীক্ষা নেওয়া হবে ১২ আগস্ট
গোপালগঞ্জে ১৭ জুলাই স্থগিত হওয়া পরীক্ষা নেওয়া হবে ১৪ আগস্ট
ব্যবহারিক পরীক্ষার নতুন সময়সূচি:
লিখিত পরীক্ষার তারিখ পেছানোয় ব্যবহারিক পরীক্ষাও পেছানো হয়েছে। নতুন সূচি অনুযায়ী, ২১ আগস্ট থেকে ব্যবহারিক পরীক্ষা শুরু হয়ে ৩ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।
এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত আসে একটি মর্মান্তিক ঘটনার পর। গত সোমবার (২১ জুলাই) দুপুরে রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এতে শেষ খবর অনুযায়ী ৩১ জন নিহত হন এবং শতাধিক আহত হন।
এই ঘটনার প্রেক্ষিতে মঙ্গলবার (২২ জুলাই) জাতীয় শোক ঘোষণা করা হয়। যদিও প্রাথমিকভাবে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, শোক দিবসেও পরীক্ষা হবে, পরে রাতে সমালোচনার মুখে সিদ্ধান্ত পরিবর্তন করে পরীক্ষা স্থগিত করা হয়।
শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার (সি. আর. আবরার) জানান, স্থগিত হওয়া পরীক্ষাগুলো একই দিনে সকাল ও বিকেলে নেওয়া হবে। এর মধ্যে ২২ জুলাইয়ের পরীক্ষা সকাল এবং ২৪ জুলাইয়ের পরীক্ষা বিকেলে অনুষ্ঠিত হবে।
পরীক্ষার সুনির্দিষ্ট সময়সূচি ও কেন্দ্রসংক্রান্ত নির্দেশনা সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইটে পাওয়া যাবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

