চবির শাটল ট্রেনে পাথরসহ ১৯ শিশু-কিশোর আটক

digitalsomoy

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শহরগামী শাটল ট্রেনে ১৯ জন শিশু-কিশোরকে হাতে পাথর থাকা অবস্থায় আটক করেছে ষোলশহর রেলওয়ে পুলিশ। দীর্ঘদীন ধরে শাটলে শিক্ষার্থীদের উপর পাথর নিক্ষেপ করছে এসব শিশুরা।  মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় তাদের ছেড়ে দেওয়া হয়েছে।

বুধবার (২৩ জুলাই) বিকেলে চবির শহরগামী শাটল ট্রেন থেকে তাদের আটক করে পুলিশ। ষোলশহর রেলওয়ে পুলিশ জানিয়েছে, শহরগামী শাটলে তারা বিশ্ববিদ্যালয়ের স্টেশন থেকে থেকে ওঠে। তাদের কেউ বগিতে, কেউ ছাঁদে অবস্থান করছিল। এ সময় কয়েকজনের হাতে পাথর দেখা যায়। শাটলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সহায়তায় উপস্থিত একজন পুলিশ শিশু-কিশোরদের আটক করতে সক্ষম হন। পরে তাদের ষোলশহর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

আটকরা হলো, রবিউল (১৫), সাগর মিয়া (১৭), ইমন(১৪), হাসিব (১৪), ইয়াছিন আরাফাত (১৩), শাকিব (১২), সিয়াম (১২), রাব্বি (১৩), শোভন (১৪), সাব্বির (১১), আকতার আহাম্মেদ (১১), আরমান (১৩), তুহিন (৭), ইসমাইল (১০), তানজির হোসেন নীরব (১১), হোসেন (১০),  ইমরান  হোসন (১২), সিহাব উদ্দিন কাছিফ (১০) ও ইয়াছিন (১০)। 

ষোলশহর রেলওয়ে পুলিশ ফাঁড়ীর আইসি ও এসআই আবুল কাশেম মিরর নিউজকে বলেন, “আমাদের একজন এসআই শাটলে উপস্থিত থেকে দায়িত্ব পালন করছিলেন। শিক্ষার্থীদের সহায়তায় ১৯ জন শিশু-কিশোরকে ধরা হয়েছে। তাদের কারো কারো হাতে পাথর দেখা গেছে। ধারণা করা হচ্ছে, তারা শাটলে পাথর নিক্ষেপ চক্রের সঙ্গে জড়িত থাকতে পারে।”

তিনি বলেন, “তারা বয়সে কম হওয়ায় জিজ্ঞাসাবাদ শেষে তাদের অভিভাবকদের নিকট সোপর্দ করা হয়েছে। এ সময় তারা শাটলে আর উঠবে না এবং পাথর নিক্ষেপ করবে না মর্মে অঙ্গিকার প্রদান করে।”

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নাজমুল হোসাইন মিরর নিউজকে বলেন, “বিষয়টা আমাদের প্রক্টরিয়াল বডিকে অবগত করা হয়েছে। আমরা রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গে যে দফায় দফায় বৈঠক করছি, এটি তারই একটি ফলাফল। বিশ্ববিদ্যালয় ও রেলওয়ে প্রশাসন এবং শিক্ষার্থীরা আরো সচেতন হলে শাটলে অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো এড়ানো সম্ভব।”