সরকারি তিতুমীর কলেজকে রাজনীতি মুক্ত রাখার আহ্বান জানিয়েছিলেন সেই মুনতাসীর আনসারি এখন নিজেই ছাত্ররাজনীতির একজন নেতা। শুক্রবার (২৫ জুলাই) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, তিতুমীর কলেজ শাখার নতুন কমিটি ঘোষণার পর জানা যায়, সংগঠনটির নতুন সেক্রেটারি নির্বাচিত হয়েছেন অর্থনীতি বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী মুনতাসীর আনসারি।
ছাত্রশিবিরের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত কমিটি তালিকার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয় মুনতাসীরের একটি পুরোনো ফেসবুক পোস্টের স্ক্রিনশট। যেখানে তিনি গত বছর (৭ আগস্ট ২০২৪) ‘সরকারি তিতুমীর কলেজ, ঢাকা’ নামের একটি গ্রুপে রাজনীতি বিরোধী অবস্থান নিয়েছিলেন।
ভাইরাল হওয়া সেই পোস্টে মুনতাসীর লিখেছিলেন: “আমরা অর্থনীতি বিভাগ, ২০২০-২১ সেশনের শিক্ষার্থীরা সবাই একমত—ক্যাম্পাসে কোনো রাজনীতি চলবে না। আপনারা অন্যান্য বিভাগ থেকেও আওয়াজ তুলুন, সবাই এক হোন। সবাই এক হলে সবকিছু সম্ভব। আমরা চাই, সবাই সমানভাবে ক্যাম্পাসে চলাচল করুক। রাজনীতি মুক্ত ক্যাম্পাস চাই।”
তিনি আরও লিখেছিলেন, “ছাত্রদের ন্যায্য দাবিদাওয়ার জন্য ছাত্র সংসদ ব্যবস্থা চালুর জোর দাবি জানাচ্ছি।”
এই পোস্ট নিয়ে প্রতিক্রিয়া জানতে তিতুমীর কলেজ ছাত্রশিবিরের সদ্য নির্বাচিত সেক্রেটারি মুনতাসীর আনসারির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমি সাংগঠনিক কাজে ব্যস্ত আছি। আমাদের কন্টাক্ট চলতেছে। এই মুহূর্তে মন্তব্য করতে পারব না। বিকেল তিনটা থেকে আরেকটি কাজে আছি।”
তিনি আরও জানান, এ বিষয়ে তিনি সন্ধ্যার মধ্যে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে মুনতাসীরের অতীত রাজনীতি বিরোধী অবস্থানের বিপরীতে বর্তমান পদ-পদবি ঘিরে নানা আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, আদর্শ বদলানো হলো নাকি রাজনৈতিক অভিলাষই ছিল প্রাথমিক অবস্থান?
এ বিষয়ে কলেজ প্রশাসনের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে শিক্ষার্থীদের অনেকে ক্যাম্পাসে স্বচ্ছ ও আদর্শিক ছাত্ররাজনীতির প্রয়োজনীয়তার পাশাপাশি ‘সুবিধাবাদী অবস্থান’ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

